মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় এক ব্যক্তিকে (৫৭) মারধরের পর তাঁর মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে তাঁকে মারধরের পর আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা, উপজেলার একটি গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে বিরক্ত করতেন প্রবাসীর ছোট ভাই। ওই নারী নিজের দেবরকে এসবে বিরত থাকতে সতর্ক করেন। অন্যদিকে যাকে মারধর করা হয়েছে, তাঁর সঙ্গে ওই নারীর ভালো সম্পর্ক ছিল। এটিকে পরকীয়া আখ্যা দিয়ে সোমবার রাতে ওই ব্যক্তিকে ডেকে মারধর করেন অভিযুক্ত ব্যক্তি ও তাঁর এক সহযোগী। এ সময় ওই ব্যক্তির নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। একপর্যায়ে অচেতন হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।

