ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার খবরের পরপরই বিশ্ববাজারে সোনাসহ সব ধরনের মূল্যবান ধাতুর দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে।
বুধবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে সোনার দাম বিগত তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিনিয়োগকারীরা মনে করছেন, যুদ্ধবিরতির ফলে জ্বালানি নির্ভর মুদ্রাস্ফীতির আশঙ্কা আপাতত কিছুটা কমেছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সোনার চাহিদা ফের বৃদ্ধি পাওয়ায় বাজারে এই ইতিবাচক প্রভাব পড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, স্পট সোনার দাম এক লাফে ২ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮১২ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। লেনদেনের শুরুতে এই বৃদ্ধির হার ৩ শতাংশেরও বেশি ছিল যা গত ১৯ মার্চের পর সর্বোচ্চ। অন্যদিকে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৪১ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।
স্বতন্ত্র ধাতু ব্যবসায়ী তাই ওং এই পরিস্থিতিকে ‘তাৎক্ষণিক স্বস্তি’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, সোনার দাম এখন ৪হাজার ৯৩০ ডলারের গণ্ডি পেরিয়ে ৫,০০০ ডলারের দিকে এগিয়ে যাচ্ছে। শুধু সোনা নয় রূপার দামও ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ৪৮ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ৩ দশমিক ২ শতাংশ ও ৪ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিকে, বুধবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটন আপাতত দুই সপ্তাহের জন্য ইরানে সব ধরনের সামরিক হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে। ইরানের পক্ষ থেকে আসা ১০ দফা প্রস্তাবকে আলোচনার একটি ‘কার্যকর ভিত্তি’ হিসেবে গ্রহণ করেছে হোয়াইট হাউস।
