মুন্সিগঞ্জ প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ই নভেম্বর, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে রাজধানী ঢাকায় কেন্দ্রীয় বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে বিশাল বহর নিয়ে যোগদান করেছে মুন্সিগঞ্জ জেলা বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা ও নেতৃত্বে আয়োজিত এই কেন্দ্রীয় কর্মসূচিতে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বিশিষ্ট রাজনীতিক মো. মহিউদ্দিনের নেতৃত্বে প্রায় ৫ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
শনিবার সকালে মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলা ও এলাকা থেকে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড এবং জাতীয় ও দলীয় পতাকা হাতে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় জমায়েত হন। এরপর মো. মহিউদ্দিনের নেতৃত্বে এক সুশৃঙ্খল ও বিশাল মিছিল নিয়ে তারা কেন্দ্রীয় র্যালির মূল স্রোতে যোগ দেন।
মিছিলটি রাজপথ অতিক্রম করার সময় নেতাকর্মীদের ‘৭ই নভেম্বর জিন্দাবাদ’, ‘শহীদ জিয়া অমর হোক’ এবং দলের সমর্থনে নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
যোগদানকালে মো. মহিউদ্দিন বলেন, “৭ই নভেম্বর আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় ও ঐতিহাসিক দিন। সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমেই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। বিএনপি’র চেয়ারম্যান ও সফল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ সঠিক ট্র্যাকে ফিরে এসেছে এবং গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় মুন্সিগঞ্জ জেলা বিএনপি সবসময় রাজপথে অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাবে।”
উক্ত বিশাল মিছিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
।
