
মঙ্গলবার (২৬ মে) রাতে তিনি জেলার বিভিন্ন পশুর হাট পরিদর্শন করেন। এ সময় তিনি হাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিয়ন্ত্রণ, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। পাশাপাশি দায়িত্বরত পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলার সদর, টঙ্গীবাড়ি ও লৌহজং থানার বিভিন্ন কোরবানির পশুর হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়।
পুলিশ সুপার মহোদয় বলেন, ঈদকে কেন্দ্র করে পশুর হাটে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। তাই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাটে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চুরি, ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টির অপতৎপরতা কিংবা যানজটের সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় তিনি ক্রেতা-বিক্রেতাদেরও সচেতন থাকার আহ্বান জানান এবং সন্দেহজনক কোনো কিছু দেখলে দ্রুত পুলিশকে অবহিত করার পরামর্শ দেন।
ঈদ উপলক্ষে জেলার গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, মোবাইল টিম ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) জনাব মোঃ ইমরান আহম্মেদ পিপিএম মহোদয়সহ অফিসার ইনচার্জবৃন্দ।
