মুন্সিগঞ্জ জেলা বিএনপি: তৃণমূলের রাজনৈতিক বাস্তবতা ও মহিউদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের যৌক্তিকতা
বিশেষ রাজনৈতিক কলাম
যেকোনো বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দলের মূল চালিকাশক্তি হলো তার তৃণমূলের ভিত্তি। কেন্দ্রে শৃঙ্খলা রক্ষা করা যেমন অপরিহার্য, তেমনি আঞ্চলিক রাজনীতির বাস্তব চিত্র ও মাঠপর্যায়ের আবেগ অনুভব করাও দূরদর্শী নেতৃত্বের পূর্বশর্ত। সম্প্রতি মুন্সিগঞ্জ জেলা বিএনপি—বিশেষ করে মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনের চলমান পরিস্থিতি কেন্দ্র ও তৃণমূলের মধ্যকার তেমনই এক সূক্ষ্ম দ্বন্দ্বে এসে দাঁড়িয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অতিক্রম করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার অভিযোগে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিনকে প্রাথমিক সদস্যপদসহ বহিস্কার করা হয়। আপাতদৃষ্টিতে এটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গৃহীত প্রশাসনিক সিদ্ধান্ত মনে হলেও, নেপথ্যের ঘটনাবলী ও স্থানীয় রাজনীতির সূক্ষ্ম সমীকরণ বিশ্লেষণ না করলে সত্যের অপলাপ ঘটবে।
মনোনয়ন বিতর্ক ও ক্ষোভের নেপথ্য
মুন্সিগঞ্জ-৩ আসনে এই দলীয় বিভাজনের বীজ অঙ্কুরিত হয়েছিল মনোনয়ন প্রক্রিয়ার অস্পষ্টতার মধ্য দিয়ে। শুরুতে মনোনয়ন স্থগিত রাখা এবং পরবর্তীতে রাজনৈতিক এক বিশেষ আবেগঘন মুহূর্তে দলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে চূড়ান্ত প্রতীক বরাদ্দ প্রদান তৃণমূল কর্মী-সমর্থকদের মাঝে গভীর সংশয় ও ক্ষোভের জন্ম দেয়।
উল্লেখ্য, মুন্সিগঞ্জ-৩ আসনের ৭৮টি দলীয় সাংগঠনিক ইউনিটের মধ্যে ৭৪ জন নেতাই সরাসরি মো. মহিউদ্দিনের পক্ষে লিখিত ও প্রত্যক্ষ সমর্থন প্রকাশ করেছিলেন। তৃণমূলের এই বিশাল জনমতকে আশ্বস্ত করতে কিংবা কোনো ধরনের কার্যকর সমঝোতায় আনতে কেন্দ্রীয় দায়িত্বশীলদের কোনো জোরালো উদ্যোগ ছিল না। এমনকি তৎকালীন উদ্ভূত পরিস্থিতিতে মহিউদ্দিন নিজেও সমঝোতার প্রত্যাশায় ছিলেন। কেন্দ্র থেকে স্পষ্ট নির্দেশনা ও ফলপ্রসূ সংলাপের অভাবে দিশেহারা তৃণমূলের তীব্র চাপের মুখেই তিনি নির্বাচনে অংশ নিতে বাধ্য হন। তাই ঘটনার সুনির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড বিবেচনা না করে একা মহিউদ্দিনকে কাঠগড়ায় তোলা সুবিচারের পরিপন্থী।
রাজনৈতিক উত্তরাধিকার ও ত্যাগের ইতিহাস
মুন্সিগঞ্জে বিএনপির রাজনৈতিক শক্ত ভিত্তির রূপকার সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির দীর্ঘদিনের অভিভাবক আলহাজ্ব আব্দুল হাই। মো. মহিউদ্দিন তাঁরই ছোট ভাই। গত চার দশক ধরে এই পরিবারটি মুন্সিগঞ্জে বিএনপিকে একটি অপ্রতিরোধ্য দুর্গে পরিণত করেছে।
বিগত দেড় দশকের আওয়ামী শাসনামলের চরম দমন-পীড়ন, একাধিক মিথ্যা মামলা, বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাটের মুখেও মহিউদ্দিন মাঠ ছেড়ে যাননি। ২০২২ সালের ২১ সেপ্টেম্বর মুন্সিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশি হামলায় যুবদল নেতা শহীদুল ইসলাম শাওন শহীদ হওয়ার পর মহিউদ্দিনের সাহসী নেতৃত্বেই গড়ে উঠেছিল ঐতিহাসিক প্রতিরোধ, যা ওই সময়ে সারাদেশের বিএনপি নেতাকর্মীদের নতুন করে লড়াই করার উদ্দীপনা জুগিয়েছিল। প্রতিকূল সময়ে দল ও কর্মীকে আগলে রাখার এই দীর্ঘ রেকর্ড প্রমাণ করে তাঁর নেতৃত্বের প্রতি তৃণমূলের আনুগত্য কতটা গভীর।
জনমতের প্রমাণ ও নেতৃত্বের শূন্যতা
দলীয় প্রতীক ‘ধানের শীষ’ না থাকা সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহিউদ্দিনের ৮৮,৯৩৬টি ভোট লাভ কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয়। এটি স্পষ্ট প্রমাণ করে যে দলীয় মার্কা অতিক্রম করে জনগণের কাছে তাঁর নিজস্ব অবস্থান ও গ্রহণযোগ্যতা কতটা দৃঢ়।
পরবর্তী ঘটনাপ্রবাহে মহিউদ্দিনের বহিষ্কারের প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির ২১ জন শীর্ষ নেতার একযোগে পদত্যাগ এবং অঙ্গসংগঠনের বহু নেতাকর্মীকে অব্যাহতি দেওয়ায় স্থানীয় বিএনপিতে মারাত্মক ভাঙন ধরেছে।
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার প্রয়াণ এবং মহিউদ্দিনের অনুপস্থিতিতে জেলা বিএনপিতে আজ এক গভীর অভিভাবকত্ব ও নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে। অভিভাবকহীন এই ভঙ্গুর অবস্থার সুযোগেই সম্প্রতি চরাঞ্চলে নির্বাচন-পরবর্তী সংঘাত ও প্রাণহানির মতো করুণ পরিণতি আমরা দেখেছি।
বহিস্কারাদেশ প্রত্যাহার কেন অপরিহার্য?
১. তৃণমূলের ক্ষোভ প্রশমন ও ঐক্য পুনঃপ্রতিষ্ঠা: মো. মহিউদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলে পদত্যাগকারী ও কোণঠাসা হওয়া শত শত পরীক্ষিত ও ত্যাগী কর্মী পুনরায় মূলধারায় ফিরবেন, যা ক্ষতিগ্রস্ত সাংগঠনিক কাঠামোকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে।
২. ভোটব্যাংক ও রাজনৈতিক কর্তৃত্ব রক্ষা: অর্জিত প্রায় ৯০ হাজার ভোট প্রমাণ করে যে, মহিউদ্দিনের নেতৃত্ব ও নেটওয়ার্ক ছাড়া এই আসনে যেকোনো নির্বাচনে বিজয়ের পথ কঠিন ও চ্যালেঞ্জিং।
৩. আব্দুল হাই পরিবারের ঐতিহাসিক জনভিত্তি: দীর্ঘদিনের সামাজিক প্রচ্ছায়া ও শিকড় থাকা আব্দুল হাই পরিবারকে দূরে রাখা মানে মুন্সিগঞ্জে বিএনপির নিজস্ব ঐতিহাসিক দুর্গকেই দুর্বল করা।
৪. সুবিধাবাদী ও অপশক্তির উত্থান রূদ্ধ করা: অভ্যন্তরীণ কোন্দল দীর্ঘায়িত হলে সুবিধাবাদী পক্ষ ও ছদ্মবেশী ফ্যাসিবাদী দোসররা দুই দলের ফাঁক গলে অবস্থান শক্ত করার সুযোগ পায়। এর ফলে ত্যাগের রাজনীতি পরাজিত হয় এবং অর্থের কাছে নীতি হেরে যায়।
পরিশেষে,
দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা অবশ্যই জরুরি, তবে দলীয় স্বার্থের চরম ক্ষতি করে অহেতুক অনমনীয়তা প্রদর্শন করার চেয়ে রাজনৈতিক প্রজ্ঞা ও উদারতা দেখানোই প্রকৃত বিচক্ষণতা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দের উদারতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ জেলা বিএনপির শক্তিই সকল ষড়যন্ত্র কাটিয়ে পুনরায় শক্তিশালী রূপ নিতে পারে। তৃণমূলের আবেগ, ত্যাগের ইতিহাস এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় মো. মহিউদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে পুনরায় মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বে ফিরিয়ে আনা সময়ের সবচেয়ে জরুরি ও কৌশলগত রাজনৈতিক প্রয়োজন।
____মুন্সিগঞ্জের আলো
